২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের অধিকার আদায়ে যুগোপযোগী আইন তৈরির আহবান

প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা আদায়ের জন্য যুগোপযোগী আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা আদায়ের জন্য যুগোপযোগী আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। রাজধানীর বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে প্রতিবন্ধী ফোরাম আয়োজিত 'প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সুরক্ষায় যুগোপযোগী আইন' শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে এখনো প্রতিবন্ধীর প্রাপ্য মর্যাদা ও সুবিধা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে ২০০১ সালে একটি আইন প্রণয়ন করা হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। এছাড়া সেই আইনটি যুগোপযোগীও নয়। সভায় 'প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার আইন, ২০০৯' শিরোনামে একটি খসড়া আইনও উপস্থাপন করা হয়। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের প্রতিবন্ধীদের কল্যাণ ও অধিকার আদায়ের ব্যাপারে সুপারিশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন বলেন, "প্রতিবন্ধীদের অধিকার নিয়ে সরকার সচেতন রয়েছে। তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।" প্রতিবন্ধীদের অধিকার আরো নিশ্চিত করার জন্য সভায় উত্থাপিত আইনটি নিয়ে সংসদে আলোচনা করা হবে বলে তিনি জানান। সভায় উপস্থিত সাংসদরা প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে একমত পোষণ করে বলেন, "দেশে এক কোটিরও বেশি প্রতিবন্ধী রয়েছে। তারা আমাদের সমাজেরই অংশ। তাই তাদের প্রতি আমাদের বিশেষভাবে নজর দিতে হবে।" খন্দকার জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ শাহজাহান খান, মজিবুর রহমান ফকির, মীর শওকত আলী বাদশা, মঞ্জুর কাদের কোরাইশী এবং ঢাকা বিভাগীয় কমিশনার খোন্দকার শওকত হোসেন ও কবি কাজী রোজী। মুল প্রবন্ধ পাঠ করেন প্রতিবন্ধী ফোরামের আইন ও নীতিমালা বিষয়ক কমিটির চেয়ারপার্সন এ এইচ এম নোমান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/টিআর/২০২৯ ঘ.