শরীয়তপুর, জুন, ০৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছে।
সংঘর্ষের সময় ইউনিয়নের রাঢ়িকান্দি, মাদবরকান্দি ও হাওলাদারকান্দি গ্রামের ১৫/২০টি বাড়ি ভাঙচুর এবং লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লিয়াকত মাদবর (৪৫) ও ফজল সরদার (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. এনায়েত হোসেন মান্নানসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর মেলকার গ্র"প এবং ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মোখলেছ রাঢ়ি গ্র"পের মধ্যে দীর্ঘ দিন ধরে কোন্দল চলে আসছে। ওই কোন্দলের জের ধরে আজকের সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় নড়িয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দাদন ফকির জানান, ভোর রাতে মেলকারের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল প্রতিপক্ষ ওয়ার্ড সভাপতি মোখলেছ রাঢ়ির বাড়িসহ তার সমর্র্থকদের ১৫/২০টি বাড়িতে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী মাদবরকান্দি গ্রামের সালাম মাদবরের স্ত্রী পারভীন জানান, হামলাকারীরা মোহাম্মদ আলী মাদবরের দুই বছরের শিশু আবদুল্লাহকে জিম্মি করে। ছিনিয়ে নিয়ে যায় বিভিন্ন বাড়ির বউ ঝিদের স্বর্ণালংকার। ঘরের ধান-চালও লুটপাট করে তারা। তাদের হামলায় আহত হন পারভীন আক্তার ও মমতাজ বেগম।
হামলাকারীরা রাজনগর জামে উলুম দাখিল মাদ্রাসার সুপার আদম শরীফ উল্যাহ, মোহাম্মদ আলী মাদবর, হালিম রাঢ়ী, সামসুল হক মাদবর, আবদুস সালাম মাদবর, সেলিম হাওলাদার, জাহাঙ্গীর মাদবর, ফয়সাল হক মাদবর ও রশিদ মাদবরের বাড়িঘরে ভাঙচুর চালায় ও লুটপাট করে বলে পারভীন অভিযোগ করেন।
রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাদন মীর সাংবাদিকদের বলেন, "উভয় পক্ষই আমাদের দলের লোক। কিন্তু তারপরও এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই আমি। একইসঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24