বগুড়া, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্ষণের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগেও তাকে একবার ত্রাণের মাংস লুটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "শনিবার রাত দুইটায় বনি আমিন মিন্টুকে তার ধুনট সদরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এর আগে ৩০ এপ্রিল ত্রাণের মাংস লুটের অভিযোগে গোয়েন্দা পুলিশ মিন্টুকে গ্রেপ্তার করেছিল।
অভিযোগকারী মিন্টুর বাড়ির গৃহকর্মী। তার বাড়ি ধুনট উপজেলা সদরের চর ধুনট পাড়ায়।
নির্যাতিতা জানান, তিনি প্রায় দু'বছর আগে মিন্টুর বাড়িতে কাজ নেয়। বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতিতে ভয়ভীতি দেখিয়ে মিন্টু প্রায়ই তাকে ধর্ষণ করত। একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন।
শনিবার গর্ভপাতের জন্য মিন্টু ওষুধ খাইয়ে বাড়ি থেকে বের করে দিলে ধর্ষিতা ধুনটে তার চাচার বাড়িতে ওঠেন। সেখানে তিনি একটি মৃত শিশু প্রসব করেন। পরে ওই মৃত শিশুকে ইছামতি নদীর পাড়ে পুঁতে ফেলা হয়।
ঘটনা জেনে পুলিশ মৃত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রসূতিকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নির্যাতিতার বাবা বাদী হয়ে ধুনট থানায় নারী ও শিশু আইনে মামলা করেছেন।
এদিকে, মিন্টুকে গ্রেপ্তারের প্রতিবাদে যুবলীগ নেতাকর্মীরা রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ধুনট বাজারে জুতা মিছিল করেছে। মিছিলকারীরা দাবি করেন মিথ্যা অভিযোগে মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওসির শাস্তি দাবি করে।
মিন্টুর বাবা আব্দুল মতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, "ওই গৃহকর্মী আমার ছেলের বাসায় দু'বছর আগে এক মাস কাজ করেছিল।"
তিনি আরও দাবি করেন, "সে (গৃহকর্মীটি) কোথাও একমাসের বেশি কাজ করে না।"
ধুনট উপজেলা চেয়ারম্যান টি আই নুরুন্নবী তারিক বলেন, "মেয়েটি মানসিকভাবে অসুস্থ। তার সম্পর্কে এলাকার লোকের ধারণা ভাল নয়। হয়তোবা অন্য কোনভাবে সে গর্ভবতী হয়েছে।"
মিন্টুর ভাবমূর্তি নষ্ট করার জন্য কারো প্ররোচনায় মেয়েটির বাবা মামলা করেছে বলেও মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৬৪৯ ঘ.
bdnews24