২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবকে টাকা দিয়ে জিন্নাহকে হত্যা করানো হয়েছে: পরিবারের অভিযোগ

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে টাকার বিনিময়ে র‌্যাবকে দিয়ে ঢাকা পলিটেকনিকের ছাত্র মো. আলী জিন্নাহকে সাজানো 'ক্রসফায়ারে' হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে টাকার বিনিময়ে র‌্যাবকে দিয়ে ঢাকা পলিটেকনিকের ছাত্র মো. আলী জিন্নাহকে সাজানো 'ক্রসফায়ারে' হত্যার অভিযোগ উঠেছে। এ 'হত্যাকাণ্ডের' বিচার দাবি করে শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জিন্নাহর পরিবার। গত ২৭ মে রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র মো. আলী জিন্নাহ ও মহসীন শেখ র‌্যাবের গুলিতে নিহত হন। র‌্যাব দাবি করেছে, চেক পয়েন্টে চ্যালেঞ্জ করা হলে তারা পিস্তুল দিয়ে গুলি করে এবং র‌্যাবের পাল্টা গুলিতে নিহত হয়। ঘটনার পরদিন পুলিশ নিহতদের পরিচয় এবং তাদের নামে কোনো অভিযোগ না থাকার কথা জানালে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাংবাদিকদের সামনে জিন্নাহ'র বৃদ্ধ মা মমতাজ বেগম ছেলে 'হত্যার' বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন "আমার ছেলেকে টাকা দিয়ে হত্যা করানো হয়েছে। ইনস্টিটিউটের প্রতিপক্ষ একটি গ্র"প ঈর্ষান্বিত হয়ে হত্যা করতে র‌্যাবকে প্ররোচিত করে। আমি এর বিচার চাই। মুক্তিযোদ্ধার ছেলে হয়েও তাকে একজন সন্ত্রাসীর মতো মরতে হলো।" সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত মোহাম্মদ আলী জিন্নাহর ভাই হুমায়ুন কবির ও ভগ্নিপতি জসিমউদ্দিন। মমতাজ বেগম বলেন, "আমার ছেলে সন্ত্রাসী ছিলো না। দেশের কোন থানায় তার নামে মামলা ও এমনকি জিডিও নেই। লেখাপড়ার পাশাপাশি রাজনীতি করাই তার জন্য কাল হলো।" জিন্নাহর বড়ভাই হুমায়ুন কবীর অভিযোগ করেন, "ছাত্রলীগ নামধারী কিছু সহকর্মী তাকে হত্যার পরিকল্পনা করে একাধিকবার হামলা করে। তাতেও না পেরে র‌্যাবকে দিয়ে হত্যা করায়।" হুমায়ুন কবীর বলেন, ২৭ মে রাত পৌনে ১০ টার দিকে জিন্নাহ হলের ডাইনিংয়ে খাওয়ার পর বাইরে যায়। বের হওয়ার আগে হলের কেয়ারটেকার সাহাবুদ্দিনের সঙ্গে তার কথা হয়। সাহাবুদ্দিন পরে তার পরিবারকে বলেছে, জিন্নাহর ফিরতে দেরি দেখে দারোয়ান আমিরকে সে প্রশ্ন করে। আমির জানায় সজীব নামে এক ছাত্রলীগকর্মী ছাত্রের সঙ্গে সে খেয়ে বের হয়েছে। রাত ১১টায়ও জিন্নাহ না ফিরলে তার মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এরপর সকালে জিন্নার মৃত্যুর খবর পায় সাহাবুদ্দিন । এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর মন্তব্য করেন ,"র‌্যাবের ক্রসফায়ারের বা এনকাউন্টারের ঘটনা সাজানো নাটক ছাড়া আর কিছুই না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৫ঘ.