২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোট পদ্ধতি চালু করার প্রস্তাব আকবর আলি খানের

নাগরিকদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ গড়ে তুলতে দেশে ইসুভিত্তিক গণভোট পদ্ধতি চালু করার প্রস্তাব করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। শনিবার এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 05:21 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাগরিকদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ গড়ে তুলতে দেশে ইসুভিত্তিক গণভোট পদ্ধতি চালু করার প্রস্তাব করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। শনিবার এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব করেন। ড. আকবর আলী খান বলেন, '' নির্বাচনের মাধ্যমে বিজয়ী দল ক্ষমতাসীন হয়ে মনে করে জনগণ তাদের পাঁচ বছরের জন্য দেশটাকে লিজ দিয়ে দিয়েছে। এটা ঠিক নয়। গণতান্ত্রিক চেতনাবোধ জাগিয়ে তুলতে দেশে গণভোট পদ্ধতি চালু করা উচিত। এ পদ্ধতি বর্তমানে অনেক গণতান্ত্রিক দেশে কার্যকর রয়েছে।'' শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন আন্দোলনের 'নির্বাচনী অঙ্গীকার: জনগণের অগ্রাধিকার' শীর্ষক নাগরিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি এ কথা বলেন। বেসরকারি সংগঠন পার্টিসিপেটারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (পিআরডিসি) ও প্রজ্ঞা-র আয়োজনে এই আলোচনা সভা হয়। আকবর আলী খান বলেন,''সংবিধানে গণভোট পদ্ধতির বিধান যুক্ত করা উচিত। সরকার তাদের প্রতিশ্র"তি বাস্তবায়নের পথ থেকে সরে দাড়ালে জনগণ সরকারকে গণভোটের সম্মুখীন করবে।'' বিশ্ব পরোক্ষ গণতন্ত্র থেকে প্রত্যক্ষ গণতন্ত্রের পথে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশকেও দ্রুত সেদিকে যেতে হবে বলে মত দেন তিনি। সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. আকবর আলী সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুযোগ বা সাংসদদের হাতে উপজেলা পরিষদের নিয়ন্ত্রণ থাকা না থাকার বিষয়টি গণভোটের মাধ্যমে সুরাহা হতে পারে বলে মন্তব্য করেন। তিনি বলেন, "গণভোটে এ বিষয়ে সিদ্ধান্ত হলে সরকারের পক্ষেও তা বাস্তবায়নে কোনো অন্তরায় হতো না।'' বিশেষ অতিথি বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, '' আওয়ামী লীগ সরকারি দল হয়ে পদে পদে নির্বাচনী অঙ্গীকার ভঙ্গ করছে। বিরোধী দলকে সংসদে কথা বলতে দিচ্ছে না। তারা চায় না বিরোধী দল সংসদে থাকুক, জনগণের কথা বলুক।'' তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে হিসেবে প্যানেল উপদেষ্টা হিসেবে আলোচনা করেন সাংসদ নজরুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, মাহফুজ উল্লাহ, অ্যাডভোকেট রুহুল কুদ্দস বাবু, অধ্যাপক শামসুল আলম ও রহমত উল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩২৬ঘ.