সিলেট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখ এলাকায় বরাক নদীতে প্রস্তাবিত ড্যামের বিরোধিতা করে শনিবার সিলেটের তিনটি সংগঠন মানববন্ধন-মিছিল ও সমাবেশ করেছে।
টিপাইমুখ বাঁধ নির্মাণ হলে সুরমা-কুশিয়ারা পানি শূন্য হয়ে যাবে দাবি করা হয় এসব কর্মসূচিতে। প্রকল্পটি যাতে বাস্তবায়িত না হয় সে ব্যাপারে ভারত সরকারের সঙ্গে আলোচনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান সংগঠন তিনটির নেতারা।
তারা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।
দুপুর ৩টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ নগরীর আদালত মোড়ে সমাবেশ করে।
সিলেট জেলা বাসদ'র সমন্বয়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক খালেকুজ্জামান, কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, বেদান্দ ভট্টাচার্য, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরশ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর জেলা সাধারণ সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।
বিকেল ৫টায় একই স্থানে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর কমিটি মিছিল ও সমাবেশ করে।
এর আগে দুপুর ১টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলসীদ এলাকায় বরাক-সুরমা-কুশিয়ারার মিলনস্থলে মানববন্ধন কর্মসূচি পালন করে সিলেটের সামাজিক সংগঠন এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক)।
মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার মামুনের সভাপতিত্ব অনষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এসনিকের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, জকিগঞ্জ পৌরসভার মেয়র ইকবাল আহমদ, এসনিকের উপদেষ্টা রেজাউল হাসান কয়েছ লোদী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24