ফরিদপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দু'টি গ্রামে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শিশু অসুস্থ হওয়ার প্রমাণ পায়নি তদন্ত কমিটি।
তবে নির্ধারিত তারিখের দু'দিন আগে ওষুধ খাওয়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
শনিবার তদন্ত কমিটি ফরিদপুরের সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দেয়।
সারাদেশে শিশুদের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচি ছিল শনিবার। কিন্তু তার দু'দিন আগেই বৃহস্পতিবার ফরিদপুরের চরভদ্রাসনের চর সালিপুর ও চর হাজারবিঘা গ্রামে ক্যাপসুল ও কৃমিনাশক খাওয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা। এগুলো খাওয়ার পর শতাধিক শিশু বমি ও পাতলা পায়খানা করতে শুরু করে।
এ ঘটনায় ফরিদপুর জেনারেল হাসপাতালের ডা. সঞ্জয় সাহার নেতৃত্বে ডা. ওবায়দুর রহমান ও ডা. আবু ফয়সাল মো. পারভেজকে নিয়ে তদন্ত কমিটি করা হয়।
সিভিল সার্জন ডা. বশীরুল ইসলাম প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই দু'টি গ্রামে কেউ কেউ আগে থেকেই মৃদু ডায়রিয়ায় ভুগছিল। ওষুধ খাওয়ার কারণে কেউ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে সে রকম প্রমাণ কমিটি পায়নি।"
তিনি জানান, তদন্তে জানা গেছে সেদিন ওষুধ খায়নি এমন শিশুও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
রাসায়নিক পরীক্ষার জন্য ভিটামিন 'এ' প্লাস ক্যামসুল ও কৃমিনাশক ট্যাবলেটের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে বলেও সিভিল সার্জন জানান।
ডা. বশীরুল বলেন, "নির্ধারিত সময়ের আগে শিশুদের ক্যাপসুল ও কৃমিনাশক খাওয়ানো গুরুতর অন্যায়।"
যারা এটা করেছে তাদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কমিটির প্রতিবেদন মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24