মৌলভীবাজার, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাসন গ্রামের এক গৃহবধূকে দোররা মারার মামলায় শনিবার ভোরে শহীদ নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শহীদ শাসন গ্রামের রহিম মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার ভোর ৪টায় শাসন গ্রামের নিজের বাড়ির গোয়াল ঘর থেকে শহীদকে গ্রেপ্তার করা হয়।"
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, "সকালে আমি ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বিপ্লব বিজয় তালুকদার ঘটনাস্থলে গিয়েছি। দোররা মারার ঘটনাটি নিন্দনীয় ও বর্বরোচিত।"
পুলিশ কর্মকর্তারা জানান, ওই মহিলা এখন তার বাড়িতেই অবস্থান করছেন। মামলার আসামিরা গ্রেপ্তারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
৩১ মে রাত সাড়ে ৯টায় গ্রামের তারা মিয়ার বাড়িতে সালিশ বৈঠকে শাসন গ্রামের মসজিদের ইমাম মৌলবী নূর উদ্দিনের ফতোয়ায় স্থানীয় মাতব্বররা ওই গৃহবধূকে ১০১ ঘা দোররা মারে।
বৃহস্পতিবার রাতে তার স্বামী ওই মৌলবীসহ ১২ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেন।
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল মৌলভীবাজার জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা রাশেদা বেগম জানান, কমলা তাদের আশ্রয় থেকে সকালে নিজের বাড়িতে চলে গেছেন। তাকে আইনি সহায়তা দিতে এবং ঘটনা তদন্তে আগামী সোমবার তারা ঘটনাস্থলে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এএম/এমএসবি/১৮১৯ ঘ.
bdnews24