চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নৌপথে নৌ চলাচল নিরাপদ রাখতে ও সংশ্লিষ্ট সবার সচেতনতা বাড়াতে শনিবার নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে।
সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদীতে নৌ শোভাযাত্রার মধ্য দিয়ে সপ্তাহের কর্মসূচি শুরু করে। কাণ্ডারী-৭ নামের একটি জাহাজে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ। এ সময় নদীর দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল অভ্যন্তরীণ নৌ-যানগুলো।
সনদ ছাড়া সমুদ্রে জাহাজ চলাচল না করা, জাহাজে অতিরিক্ত মালামাল বোঝাই না করা, কর্ণফুলী নদীকে দূষণমুক্ত রাখা এবং যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দিয়ে জলযান পরিচালনার আহবান জানিয়ে বন্দর কর্তৃপক্ষ প্রচারণা শুরু করেছে।
সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে নৌ-যান সংশ্লিষ্টদের কাছে প্রচারপত্র বিতরণের পাশাপাশি নানা সচেতনতামূলক কর্মসূচি পালনের উদ্যোগও নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, "দেশের অর্থনীতিতে নৌ খাতের গুরুত্ব অনেক বেশি।"
তিনি নদী ও সমুদ্র পথে ঝুঁকিমুক্তভাবে জলযান চালাতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
কমোডর আর ইউ আহমেদ জানান, নৌপথে দুর্ঘটনা এড়াতে ও নৌপথ দূষণমুক্ত রাখতে সরকার অনেক কর্মসূচি নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24