ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজান মাসে রাজধানীর বিপণী বিতানগুলোর নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে ঢাকা মহানগর পুলিশ এবং দোকান মালিক সমিতি একযোগে কাজ করবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদপ্তরে শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
দলমত নির্বিশেষে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বৈঠকে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
বৈঠকে উপস্থিত দোকান মালিক প্রতিনিধি ও বিভিন্ন পাইকারী বাজার মালিক সমিতির নেতারা অভিযোগ করেন- যানজট, টেলিফোনে চাঁদাবাজি, অবৈধভাবে ফুটপাত দখল এবং হকারদের বেপরোয়া আচরণের কারণে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ছে।
জবাবে ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজির ঘটনা পুলিশকে না জানিয়ে চাঁদা দেওয়ার অর্থ হল চাঁদাবাজিকে অপরাধীদের পেশা হিসেবে গ্রহণের সুযোগ করে দেওয়া। তাই কোন চাঁদাবাজকে চাঁদা দেওয়া যাবে না। দোকান মালিকদের সমস্যা নিরসনে পুলিশ অনুঘটকের ভূমিকা পালন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24