ফরিদপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরসালিপুর ও চরহাজারবিঘা গ্রামের শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়ন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট (এ্যালবোডজল) খাওয়ায়। ট্যাবলেট খাওয়ার পর থেকে শিশুরা বমি ও পাতলা পায়খানা করতে শুরু করে।
রাত সাড়ে ৮টায় ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আবু ফায়সাল মো. পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত ১৩টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে ছয়জনকে।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. জাহিদ জানান, প্রায় আড়াই হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। তার মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে।
তিনি বলেন, "গরমের কারণে এটা হতে পারে। তবে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এখন পর্যন্ত এ ধরনের কোনো রোগী আসেনি।"
চরসালিপুর গ্রামের ট্রলার মাঝি তোতা ব্যাপারী তার শিশু সন্তান নাইম ব্যাপারী (২) ও ভাতিজি মুক্তাকে (৩) নিয়ে এসেছেন ফরিদপুর জেনারেল হাসপাতালে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরসালিপুর ও চরহাজারবিঘা গ্রামের শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানতে পেরেছেন তিনি। তবে কোন গ্রামে কতজন অসুস্থ হয়ে পড়েছে তা তিনি জানাতে পারেননি।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. বশীরুল ইসলাম বলেন, গরমের মধ্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ালে কেউ কেউ অসুস্থ হতে পারে।
তিনি বলেন, "ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার নির্ধারিত দিন শনিবার। দু'দিন আগেই কেন ওষুধ খাওয়ানো হলো তা খতিয়ে দেখা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24