ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবার অংশগ্রহণের আহ্বানকে সামনে রেখে ৫ জুন সারা বিশ্বে পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস।
এবারের পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে 'জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তোমার পৃথিবী, তোমাকেই চায়'।
বিশ্ব পরিবেশ দিবস-২০০৯ এর মূল অনুষ্ঠানটি হবে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে। উল্লেখ্য, দেশটি নবায়নযোগ্য শক্তির ব্যবহারসহ পরিবেশ অনুক ূল কার্যক্রমে প্রতিবেশীসহ বিশ্বের বিভিন্ন দেশকে সচেতন হতে উদ্বুদ্ধ করছে।
এ বছরের বিশ্ব এমন সময় পরিবেশ দিবস পালন করছে যখন ২০১০ সাল নাগাদ ১৫ থেকে থেকে ২০ কোটি মানুষের বাস্তুহারা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উষ্ণতাবৃদ্ধিজনিত সমুদ্রৃপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ অনেক দেশের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । হারিয়ে যাবে অনেক প্রাণী ও উদ্ভিদ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, টেকসই পরিবেশ উন্নয়নে গণসচেতনতা বৃদ্ধিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠাগুলোকে পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে সরকার এ বছর চারটি জাতীয় পরিবেশ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়গুলো হচ্ছে পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ও পরিবেশগত শিক্ষা ও প্রচারণা।
এ উপলক্ষে শুক্রবার বেলা পৌনে ১২টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে দু'দিনব্যাপী পরিবেশ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিবেশ পদকও বিতরণ করবেন।
মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার বলেন, সরকার পরিবেশ আইন সংশোধনে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে রয়েছে। তাদের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে।
সচিব জানান, পরিবেশ আইনের দুর্বলতার কারণেই সরকার হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করতে পারছে না। মামলা করে পরিবেশ দূষণকারী অন্যতম এ শিল্পের মালিকরা প্রক্রিয়াটি ঝুলিয়ে রেখেছেন। এ কারণেই বুড়িগঙ্গার পানি দূষণ রোধেও সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। আইন সংশোধনের পর সরকার এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে বলে জানান সচিব।
পরিবেশ দিবস পালন উপলক্ষে দেশে দু'দিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা ও পরিবেশ মেলা।
সংবাদ সম্মেলনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান ও প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআরএফ/এসকে/২১৪৫ঘ.
bdnews24