গাজীপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম নজরুল ইসলামকে চেয়ারম্যান ও আশরাফী মেহেদী হাসানকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। গত ২ জুন এ গেজেট প্রকাশ করা হয়।
তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। আগামী ১৮ জুন কালীগঞ্জের স্থগিত তিনটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে বলে গাজীপুর জেলা নির্বাচন অফিস জানিয়েছে।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম ফল ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২২ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট নেওয়ার সময় একাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত এ দুই প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ করেন।
এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা ড. শাহ আলম তিনটি ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
পরে নির্বাচন কমিশন অনিয়ম তদন্তে জামালপুর জেলার বিশেষ জজ মো. শামসুল হকের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি করে। কমিটি ২৭ মের মধ্যে প্রতিবেদন দেয়।
প্রতিবেদন দেওয়ার পর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24