নাটোর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাচাত দুই ভাইকে গুলি করে জখম করার অভিযোগে নাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র বিএনপি নেতা মশিউর রহমান বাবলুকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দুপুরে মেয়র তার চাচাত ভাই আসাদ আলী শাহ (৫০) ও মোহাম্মদ আলী শাহকে (৪৯) গুলি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আসাদ শাহ'র মেয়ে নিপা (১৪) এবং রাব্বী (১৫) নামের আরেকজন আহত হয়। এদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আসাদ ও তার ছোট ভাই মোহাম্মদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ায় ক্ষিপ্ত হয়ে মেয়র এ ঘটনা ঘটান বলে অভিযোগ করেছেন তাদের আরেক ভাই। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মেয়র।
নাটোরের পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম জানান, নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিরাপরাধ মানুষকে গুলি করে গুরুতর জখম করার অভিযোগে বিকেলে গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি গুরুদাসপুর থানা হেফাজতে আছেন বলেও পুলিশ কর্মকর্তা রফিকুল জানান।
আহতদের ছোট ভাই সোলায়মান আলী শাহ্ জানান, দুপুর ১২টার দিকে আসাদ ও মোহাম্মদ চাঁচকৈড় বাজারের মিশু ডেকোরেটরে নামে একটি দোকানে বসে ছিলেন। বেশ কয়েকজন লোককে সঙ্গে নিয়ে মেয়র সেখানে উপস্থিত হন এবং অতর্কিতে আসাদ ও মোহাম্মদকে লক্ষ্য করে নিজের পিস্তল থেকে পর পর দু'রাউন্ড গুলি ছোড়েন।
এতে আসাদ ও মোহাম্মদ এবং চায়ের দোকানদার তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বী আহত হয়। গুলির শব্দে পালাতে গিয়ে আসাদ'র মেয়ে নিপাও আহত হয়।
সোলায়মান অভিযোগ করেন, গত উপজেলা নির্বাচনে তারা কয়েক ভাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরকার এমদাদুল হক মোহাম্মদ আলীর পক্ষে কাজ করেছেন। অন্যদিকে তাদের চাচাত ভাই পৌর মেয়র মশিউর বিএনপি নেতা হয়েও আওয়ামী লীগ মনোনীত এবং স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস সমর্থিত গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শামসুল হক শেখের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন।
ওই নির্বাচনে সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাদের দুই পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। তারই জের ধরে মেয়র তার দুই ভাইকে গুলি করেন বলে সোলায়মান অভিযোগ করেন।
মেয়র মশিউর আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুদাসপুর পৌরসভার কর্মচারী আসাদ শাহ্র ছেলে নাজমুল শাহ্কে দায়িত্বে অবহেলার কারণে সতর্ক করে চিঠি দেন পৌর সচিব।
তিনি দাবি করেন, এ ঘটনায় নাজমুল ক্ষিপ্ত হয়ে তার বাবা আসাদসহ লোকজন নিয়ে মিশু ডেকোরেটরের সামনে বসে মিথ্যাচার করছিল। তিনি সেখানে উপস্থিত হলে তারা তার মাথায় আঘাত করে। এ সময় তিনি প্রাণ রক্ষার্থে নিজের লাইসেন্স করা পিস্তল থেকে মাত্র এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24