২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে শিশুসহ পাচারকারী গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট থেকে বুধবার সকালে শিশুসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

মাদারীপুর, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট থেকে বুধবার সকালে শিশুসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জুম্মন লস্কর (২৫) বরিশালের কীর্তিনাশা এলাকার হিরু লস্করের ছেলে। এ সময় সাইফুল ইসলাম মুন্না (৯) নামের অপহৃত এক শিশুকে তার কাছ থেকে উদ্ধার করা হয়। বরিশালের কাউনিয়া এলাকা থেকে মঙ্গলবার সাইফুল ইসলাম মুন্নাকে অপহরণ করা হয়। নেশাদ্রব্য খাওয়ানোর ফলে অসুস্থ মুন্নাকে শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল জানান, জুম্মন মুন্নাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে একটি বাসে করে ঢাকা নিয়ে যাওয়ার পথে কাওড়াকান্দি ঘাটে পৌঁছলে মুন্নার চিৎকারে গাড়ির যাত্রী ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। একই সঙ্গে তারা জুম্মনকে ধরে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে। জুম্মনের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪টায় বরিশালের কাউনিয়ার চৌধুরী প্রাথমিক বিদ্যালয় ছুটির পর মোবাইল ফোনের লোভ দেখিয়ে মুন্নাকে অপহরণ করা হয়। জুম্মান দীর্ঘদিন যাবৎ শিশু পাচারসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত। মুন্নাকে সে ঢাকায় শামীম নামের এক পাচারকারীর কাছে হস্তান্তর করার কথা বলে পুলিশকে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.