ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান অতিরিক্ত সচিব কামরুল হাসানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব এহসানুল হককে বিআরটিএ'র নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এ রদবদল করা হয়।
এছাড়া একইদিন পাঁচজন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা পদে রদবদল এবং একটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়।
এদের মধ্যে স্পারসো'র সচিব পদে প্রেষণে থাকা উপ-সচিব ড. জাকিরুল ইসলামকে ওএসডি করা হয়েছে।
সুইমিং পুল নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব অজিত কুমার পালকে অর্থ বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে। ওএসডি উপ-সচিব জ্যোতির্ময় দত্তকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পদে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিএফ) পরিচালকের দায়িত্ব পালনের জন্য কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ওমর ফারুককে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি এবং বিবিএফ এ সংযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/২১৪৫ঘ.
bdnews24