২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পানি আটকে টিপাইমুখে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে: পিনাক

টিপাইমুখ বাঁধকে একটি জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বর্ণনা করে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, এর মাধ্যমে বন্যার অথবা নদীর পানি নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতের থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধকে একটি জলবিদ্যুৎ প্রকল্প হিসেবে বর্ণনা করে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, এর মাধ্যমে বন্যার অথবা নদীর পানি নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতের থাকবে। সচিবালয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় বুধবার বিকেলে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। টিপাইমুখ বাঁধের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা হবে কিনা, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'টিপাইমুখ বাঁধ একটি জলবিদ্যুৎ প্রকল্প। পানি আটকেই এতে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে। তবে পানি আটকিয়ে রাখা হবে না। এতে বরং প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে। তবে এর মাধ্যমে বন্যার অথবা নদীর পানি নিয়ন্ত্রণের ক্ষমতা ভারতের থাকবে।' সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে পিনাক বলেন, বাংলাদেশের রেলখাতের উন্নয়ন এবং ট্র্যানজিটের বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়েছে। এ ব্যাপারে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, ভারতীয় দূতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ তাদের থেকে সহায়তা নিতে চায়। কারণ তাদের রেল খাত লাভজনক, অথচ বাংলাদেশের এ খাতটি অত্যন্ত দুর্বল ও অলাভজনক। মন্ত্রী জানান, এ সময় বাংলাদেশে নতুন সড়ক এবং নতুন রেল-লাইন স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বাংলাদেশের জন্য লাভজনক হবে এ যুক্তি দেখিয়ে ভারতকে ট্র্যানজিট দেওয়ার পক্ষেও মত দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮২৩ঘ.