২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি প্রধান ও সহকারি প্রধান শিক্ষক নিয়োগের শর্ত শিথিল

বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য অভিজ্ঞতার বর্তমান শর্ত শিথিল করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য অভিজ্ঞতার বর্তমান শর্ত শিথিল করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করেছে বলে মঙ্গলবার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিরবচ্ছিন্নভাবে ন্যূনতম ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা লাগবে। সহকারী প্রধান শিক্ষকের ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে দশ বছর। বর্তমানে প্রচলিত ১৯৯৫ সনের জনবল কাঠামো অনুযায়ী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়) প্রধান শিক্ষক হওয়ার জন্য সহকারি প্রধান শিক্ষক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ বিদ্যালয়ে টানা পনের বছরের শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত) বিদ্যালয়ে প্রধান শিক্ষক হওয়ার জন্য মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিরবচ্ছিন্নভাবে ন্যূনতম ১০ বছরের প্রশাসনিক বা শিক্ষকতার অভিজ্ঞতা লাগবে। বর্তমানে এজন্য ১২ বছরের প্রশাসনিক বা শিক্ষকতার অভিজ্ঞতা থাকার শর্ত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের অনেক বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। অভিজ্ঞতার অভাবে এসব পদ পূরণ করা যাচ্ছিল না। এর আগে গত ১৯ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ শূন্য পদে নিয়োগের জন্য শর্ত শিথিলের কথা ইতিবাচকভাবে আলোচনা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২০৯ঘ.