২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গ্রেপ্তার ঢাকা জেলা ছাত্রলীগ সভাপতিসহ চারজন জেলে

সাভারে ঢাকা জেলা ছাত্রলীগ সভাপতি ফকরুল আলম সমরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

সাভার, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা জেলা ছাত্রলীগ সভাপতি ফকরুল আলম সমরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার পৃথক মামলায় চারজনকে করা হয়। তবে সাভারের হেমায়েতপুরের মোহাম্মদিয়া ফ্যাশনস ২০০০ লিমিটেডের কারখানায় আগুন দেওয়ার মামলায় এদের আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা অপর তিনজন হলেন- সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আরিফ এবং ছাত্রলীগ কর্মী রিপন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে সাভারের নামাবাজার থেকে ফকরুল আলম সমর, শরিফুল ইসলাম, মো. আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। রিপনকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দুপুরে। তিনি বলেন, "মোহাম্মদীয়া ফ্যাশনস ২০০০ লিমিটেড' নামের তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়ার সময় গ্রেপ্তারকৃতদের আশপাশে দেখা গেছে। তাদের বিরুদ্ধে শ্রমিকদের উসকে দেওয়ার অভিযোগের প্রমাণও মিলেছে। তাই তাদের এ মামলায় আসামি করা হয়েছে।" ওসি বলেন, সোমবার রাতে গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে সাভার থানায় ৬-৭ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ঢাকার একটি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার রিপনকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি। সাভার থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদীয়া গ্র"পের প্রতিষ্ঠান মোহাম্মদীয়া ফ্যাশনস ২০০০ লি. নামের তৈরি পোশাক কারখানায় ২৭ মে (বুধবার) সকালে বিক্ষুদ্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়। এতে পুরো কারখানাটি পুড়ে যায়। পরদিন কারখানার ব্যবস্থাপক আহম্মেদ মোস্তফা শমসের বাদী হয়ে সাভার থানায় একটি মামলা করেন। মামলায় ৫৩ জনের নাম উল্লেখসহ ২ শ' জন শ্রমিককে আসামি করা হয়। ২৯ মে (শুক্রবার) ভোরে হেমায়েতপুর এলাকা থেকে পুলিশ এজাহারভুক্ত ৬ জন গার্মেন্টস শ্রমিককে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.