চট্টগ্রাম, জুন ০২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই কর্মকর্তাকে জিজ্ঞসাবাদের জন্য মঙ্গলবার ঢাকায় নেওয়া হয়েছে।
বুধবার থেকে এ দুই কর্মকর্তা এনএসআই'র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে ঢাকায় টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর দামপাড়ায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয় থেকে দুজনকে সড়কপথে ঢাকায় পাঠানো হয়। বিকেলে দুই সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকায় সিআইডি কার্যালয়ে পৌঁছান।
তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারি সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিএফআই সেলে জিজ্ঞাসবাদের জন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমান সোমবার টিএফআই সেলে লিয়াকতকে ছয়দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। অন্যদিকে আদালত ২০ মে সাবেক গোয়েন্দা প্রধান রেজ্জাকুল হায়দারকে ছয়দিন টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও তাকে এ কয়দিন চট্টগ্রামেই রাখা হয়।
এদিকে এ মামলায় গ্রেপ্তার এনএসআই'র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিনকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর বুধবার শুনানি হবে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা তাকে দশদিন জিজ্ঞাসাবাদের আবেদন জানান। এর আগে তাকে দু'দফা জিজ্ঞাসাবাদ করা হয়।
সাহাবুদ্দিনকে রিমান্ডে নেওয়ার পর সাবেক তিন গোয়েন্দা কর্মকর্তাকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২০৪৩ঘ.
bdnews24