ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ০৮ মিনিটের দিকে হাইকোর্ট মাজারের ফটকের সামনে থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। (সংশোধনীসহ)
পিন্টুকে গ্রেপ্তারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক জানান, বিডিআর বিদ্রোহের ঘটনার সময় বিদ্রোহী বিডিআর সদস্যদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তাকে গ্রেপ্তার করেছে। তাকে মহানগর ডিবি সদরদপ্তরে রাখা হয়েছে।
তিনি বলেন, "যেহেতু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির তদন্ত করছে, তাই পিন্টুকে কিছুক্ষণের মধ্যে সিআইডি'র কাছে হস্তান্তর করা হবে।"
পিন্টু মঙ্গলবার বিকেল ৩টায় বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি আজিজুল হকের হাইকোর্ট বেঞ্চে একটি রিটের শুনানি উপলক্ষে হাজির হন।
পিলখানার ঘটনার তদন্ত প্রতিবেদনে তার নাম আসায় গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ চেয়ে তিনি এই রিট আবেদন করেছিলেন।
বিকেল ৪টা ৫ মিনিটে ওই বেঞ্চে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত কোনো আদেশ দিতে না চাইলে পিন্টুর আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন রিটটি ওই আদালত থেকে ফেরত নিয়ে আসেন।
এরপর বিকেল সোয় ৪টায় হাইকোর্টের ওই বেঞ্চ থেকে বেরিয়ে যান পিন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এলএইচ/এজে/এইচএ/১৮৪০ ঘ.
bdnews24