২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ উপজেলায় স্থগিত কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণা

পাঁচটি উপজেলা পরিষদের স্থগিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সোমবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে সংশ্লিষ্ট জেলার নির্বাচন কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। কক্সবাজারের উখিয়া উপজেলায় সবকটি, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি, কুমিল্লার মুরাদনগরের তিনটি, চান্দিনায় চারটি এবং ফেনীর ছাগলনাইয়ার ১০টি কেন্দ্রে এ ভোট গ্রহণ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 06:40 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচটি উপজেলা পরিষদের স্থগিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সোমবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে সংশ্লিষ্ট জেলার নির্বাচন কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। কক্সবাজারের উখিয়া উপজেলায় সবকটি, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি, কুমিল্লার মুরাদনগরের তিনটি, চান্দিনায় চারটি এবং ফেনীর ছাগলনাইয়ার ১০টি কেন্দ্রে এ ভোট গ্রহণ হয়। চেয়ারম্যান পদে উখিয়ায় জামায়াত, ছাগলনাইয়ায় বিএনপি এবং পাকুন্দিয়ায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হন। নেত্রকোনার আটপাড়া উপজেলার দু'টি কেন্দ্রে সোমবার ভোট হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নির্দেশে রোববার রাতে তা স্থগিত করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চেয়ারম্যান পদে একটি কেন্দ্রে ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছিল। বিকেল চারটার দিকে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, পাঁচটি উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নির্বাচনে কি পরিমাণ ভোট পড়েছে তাৎক্ষণিকভাবে সেটা জানাতে পারেননি তিনি। ২২ জানুয়ারির নির্বাচনের আগে উখিয়া, খাগড়াছড়ির দিঘীনালা এবং নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। ৬ এপ্রিল উখিয়া ছাড়া বাকি পাঁচটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া ১৬ মার্চ আটটি উপজেলার আরও কয়েকটি স্থগিত কেন্দ্রে আবার ভোট নেওয়ার পর ফল প্রকাশ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় জামায়াতের জেলা সেক্রেটারি শাহজালাল চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ায় প্রতীক নিয়ে তিনি ৩২ হাজার ৫০০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত হামিদুল হক চৌধুরী আনারস প্রতীকে পান ৩১ হাজার ২৩৫ ভোট। এ ছাড়াও ব্যবসায়ী এসএম শাহআলম ভাইস চেয়ারম্যান এবং শাহিনা আকতার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনা আকতার হাঁস প্রতীক নিয়ে পান ২৭ হাজার ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খুরশিদা বেগম প্রজাপতি প্রতীকে পান ২৭ হাজার ৪০৮ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ওমর ফারুক রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। একটি কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে সৃষ্ট উত্তেজনার কারণে ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে আবার ভোট শুরু হয়। ফেনী: ছাগলনাইয়ার ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ ও গণনা শেষে বিএনপি সমর্থিত প্রার্থী নুর আহাম্মদ মজুমদারকে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চাকা প্রতীক নিয়ে তিনি ২৯ হাজার ১৬২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবদুল হান্নান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৬৬০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন হাজী আবু আহাম্মদ। তিনি মাইক প্রতীক নিয়ে ১১ হাজার ১৪৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এয়ার আহমদ বাঘ প্রতীক নিয়ে পান ৯ হাজার ৮৯৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাশেদা আক্তার রুমা প্রজাপতি প্রতীক নিয়ে ৩৫ হাজার ৪১৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদা আক্তার হাঁস প্রতীক নিয়ে পান ৫ হাজার ৮৭৩ ভোট। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোমিনুর রশিদ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন। গত ২২ জানুয়ারি এ উপজেলার ৪৭টি কেন্দ্রের মধ্যে ১০ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সোহরাব উদ্দিনকে। সোহরাব উদ্দিন ওই স্থগিত কেন্দ্রে আনারস প্রতীক নিয়ে পান ২ হাজার ৪ শত ৩৭ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় আরেক প্রার্থী রফিকুল ইসলাম রেনু চেয়ার প্রতীক নিয়ে পান ১ হাজার ৭৩ ভোট। গত ২২ জানুয়ারী অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে অপর ৫৩টি কেন্দ্রে রফিকুল ইসলাম রেনু ১ হাজার ১শ ১৮ ভোটে এগিয়ে ছিলেন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী সোহরাব উদ্দিনের প্রাপ্ত ভোট ৪০ হাজার ২ শ' ২৯ ভোট এবং রফিকুল ইসলাম রেনুর প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৯ শ' ৮৩ ভোট। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীতিশ চন্দ্র সরকার এ ফলাফল ঘোষণা করেন। কুমিল্লা: কুমিল্লার চান্দিনা ও মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের জন্য চান্দিনায় ৪টি এবং মুরাদনগরে ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। চান্দিনা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৪২ হাজার ৬ শ' ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগ লীয় প্রার্থী সাফিয়া আক্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীও ছিলেন আওয়ামী লীগ দলীয় নাসরিন আক্তার। তিনি পান ৩৭ হাজার ৬ শ' ৪১ ভোট। মুরাদনগরে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত ইউসুফ হাকিম সোহেল ৪৭ হাজার ৫ শ' ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ সমর্থিত রফিকুল ইসলাম পান ৪৭ হাজার ৩ শ' ১৭ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৩৫ ঘ.