২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় শিবির নেতা জাহিদ ও সুমন পাঁচদিনের রিমান্ডে

অবৈধ বেতার সরঞ্জামসহ গ্রেপ্তার করা শিবির নেতা জাহিদুর রহমান ও কর্মী কামরুল হাসান সুমনকে পাঁচদিন জিজ্ঞাসাবদের জন্য সোমবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 04:52 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

সাতক্ষীরা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ বেতার সরঞ্জামসহ গ্রেপ্তার করা শিবির নেতা জাহিদুর রহমান ও কর্মী কামরুল হাসান সুমনকে পাঁচদিন জিজ্ঞাসাবদের জন্য সোমবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলার বাদী সদর থানার উপ-পরিদর্শক খালিদ মুন্সি সোমবার তাদের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০ দিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে হাকিম এ এইচ এম শামসুল আরেফিন পাঁচদিন হেফাজতে রাখার অনুমতি দেন। শিবিরকর্মী সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র কামরুল হাসান সুমনকে রোববার ভোররাতে শহরের রাজারবাগান এলাকার বেসরকারি আলম ছাত্রাবাস থেকে পুলিশ গ্রেপ্তার করে। তার কক্ষ থেকে ট্র্যান্সমিশন যন্ত্র ছাড়াও দুটি জিহাদী বই, পোস্টার, ২১ টি সিডি, একটি কম্পিউটার, একটি এফ এম ব্যান্ড রেডিও, একটি শক্তিশালী এন্টিনা, কিছু বিদ্যুতের তার ও ৩০ টি গরান কাঠের লাঠি উদ্ধার করা হয়। সুমনের দেওয়ার তথ্যে ভিত্তিতে রোববার রাতে গ্রেপ্তার করা হয় শহর শাখা শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুর রহমানকে। সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ কবীর জানান, রোববার রাতে সদর থানার দায়িত্বরত উপ-পরিদর্শক খালিদ মুন্সি বাদী হয়ে সুমন ও জাহিদসহ চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। মামলার অপর দুই আসামি হলেন- সাতক্ষীরা সরকারি কলেজ শাখার শিবির সভাপতি রোকনুজ্জামান ও শিবির নেতা নাজমুল। এসআই ফিরোজ কবীর জানান, সুমন ও জাহিদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্ট চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৯ ঘ.