২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসন ক্যাডারের 'পদোন্নতি বঞ্চিত' কর্মকর্তাদের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংস্থাপন সচিবের সঙ্গে দেখা করতে না পেরে বিসিএস প্রশাসন ক্যাডারের তিনটি ব্যাচের 'পদোন্নতি বঞ্চিত' সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা সোমবার বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে তারা ওই দুইজনের সঙ্গে দেখা করতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংস্থাপন সচিবের সঙ্গে দেখা করতে না পেরে বিসিএস প্রশাসন ক্যাডারের তিনটি ব্যাচের 'পদোন্নতি বঞ্চিত' সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা সোমবার বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে তারা ওই দুইজনের সঙ্গে দেখা করতে যান। ক্ষুদ্ধ ওই কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮৪, ৮৫ ও ৮৬ ব্যাচের প্রায় ৬০ জন বঞ্চিত কর্মকর্তা পদোন্নতির দাবি নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং সংস্থাপন সচিব ইকবাল মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। কিন্তু দু'জনই তাদের সঙ্গে দেখা করতে অনীহা প্রকাশ করেন। সাক্ষাৎ না পেয়ে ওই কর্মকর্তারা বিক্ষোভ প্রকাশ করেন। পরে তারা প্রধানমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত সচিব) নজরুল ইসলামের সঙ্গে দেখা করেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চান। তবে এ ব্যাপারে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে সচিব বলেন, ওই সময় তিনি কার্যালয়ে না থাকায় দেখা করা সম্ভব হয়নি। কর্মকর্তারা পরে জানান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব তাদের 'ইতিবাচক' কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বঞ্চিতদের পদোন্নতির ব্যাপারে প্রধানমন্ত্রী ইতিবাচক অবস্থানে রয়েছেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন। তারপরও কেন পদোন্নতি হচ্ছে না, তা তিনি জানেন না। পদোন্নতি বঞ্চিত বলে দাবি করা একাধিক কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পদোন্নতি বঞ্চিতদের বিষয়টি গত ৩ মে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় উপস্থাপন করা হয়। কিন্তু এসএসবি'র একাধিক দায়িত্বশীল সদস্যের আপত্তির কারণে তা বিবেচনায় আনা হয়নি। ওই কর্মকর্তারা জানান, তারা গত ২০ থেকে ২৩ বছর ধরে সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত। তাদের ব্যাচের কর্মকর্তাদের বেশিরভাগই ইতোমধ্যেই উপ-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। অনেকের উপ-সচিব হওয়ারও ছয় বছর পেরিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২২৯ঘ.