সাতক্ষীরা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লা বিধ্বস্ত সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত শ্যামনগর ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে রোগীর সংখ্যা বাড়ছে।
জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা তবিবুর রহমান জানান, গত চব্বিশ ঘন্টায় এ দুটি উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এক হাজার ছয়শ' মানুষ।
সোমবার সকালে ডায়রিয়ায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের আমির আলী (৭৫) ও একই গ্রামের আইয়ূব আলী (৩৮)।
এ নিয়ে গত সাত দিনে ডায়রিয়ায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো আটজনে।
পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় আয়লা'য় ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলির মধ্যে পদ্মপুকুর অন্যতম। এ ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২৮ হাজার। জলোচ্ছ্বাসে এ পর্যন্ত পদ্মপুকুর গ্রামে মারা গেছে ১২ জন।
তিনি আরও জানান, গত দু'দিন সরকারি-বেসরকারি ত্রাণসামগ্রী ও ওষুধপত্র পাওয়া গেলেও ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।
ডায়রিয়ার চিকিৎসা দিতে সরকারি মেডিকেল টিমের পাশাপাশি সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও একটি টিম এখানে আসে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত এক হাজার সাতশ' রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিদিনই এর সংখ্যা বাড়ছে।
অপরদিকে উপজেলার আটুলিয়া, ছোটকুপট, বড়কুপট, হরিনগর, সিংহরতলী, মুন্সিগঞ্জ, চাঁদনিমূখা, পাখিমারাসহ বিভিন্ন গ্রামে ডায়রিয়া ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জনের সঙ্গে বারবার যোগাযোগেরও চেষ্টা করেও কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24