২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন চলচ্চিত্রাভিনেতা ডিপজল

দু'টি অস্ত্র মামলায় কারাদণ্ড বাতিলের হাইকোর্টের রায় আপীল বিভাগ স্থগিত না করায় চলচ্চিত্রাভিনেতা ও ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু'টি অস্ত্র মামলায় কারাদণ্ড বাতিলের হাইকোর্টের রায় আপীল বিভাগ স্থগিত না করায় চলচ্চিত্রাভিনেতা ও ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুপ্রীম কোর্টের রায়ের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ডিপজলকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। গত বছরের ৮ ডিসেম্বর আদাবরের একটি ফ্ল্যাট থেকে ডিপজলকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়। তখন ৬টি মামলায় গ্রেপ্তার ও ৩টি দণ্ডপ্রাপ্ত মামলায় হাজতি পরোয়ানা দেখিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে ২০০৭ সালের ১১ জানুয়ারি পট পরিবর্তনের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন ডিপজল। তার অনুপস্থিতিতে ২০০৭ সালের ২৭ জুলাই দু'টি অস্ত্র মামলায় ঢাকার বিশেষ আদালত জনপ্রিয় খলনায়ক ডিপজলকে ২৪ (১৭ ও ৭) বছরের কারাদণ্ড দেয়। গত ২৬ এপ্রিল দু'টি অস্ত্র মামলায় ডিপজলকে দেওয়া কারাদণ্ডের এ রায় হাইকোর্ট বাতিল করে দেয়। তবে রায় স্থগিতের জন্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করলে গত ৩ মে চেম্বারজজ হাইকোর্টের রায়টি স্থগিত করে। পরে গত ২৫ মে চেম্বারজজের আদেশ প্রত্যাহার করে নেয় সুপ্রীম কোর্ট। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকলো। ২০০৭ সালের ১৬ জানুয়ারি মীরপুর মডেল থানায় অস্ত্র ও গুলি রাখার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা দু'টি দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এএনএস/টিআর/২১০২ ঘ.