২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন বিষয়ে থাই সহযোগিতা চাইলেন যোগাযোগমন্ত্রী

বিমানবন্দরসহ বড় ধরণের অবকাঠামো প্রকল্প ও কৃষি উন্নয়নের জন্য সফররত থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়ার কাছে তার দেশের সহায়তা চাইলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দরসহ বড় ধরণের অবকাঠামো প্রকল্প ও কৃষি উন্নয়নের জন্য সফররত থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়ার কাছে তার দেশের সহায়তা চাইলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। যোগাযোগমন্ত্রী মন্ত্রণালয়ে কাসিত পিরোমিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি সড়ক ও রেল যোগাযোগ খাতে উন্নয়ন, একটি বড় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন, বিদ্যুৎ উৎপাদন ও কয়লা উত্তোলন, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, গভীর সমুদ্র বন্দর স্থাপন এবং এশিয়ান হাইওয়ে নির্মাণ ছাড়াও কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য এশীয় অর্থনীতির একদা 'উদীয়মান বাঘ' দেশটির সহায়তা চান। এ সময় মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব এএসএম আলী কবীর ও সেতু বিভাগের সচিব আব্দুল করিমসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং থাই প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সৈয়দ আবুল হোসেন বলেন, থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ শহরগুলোতে 'এলিভেটেড এক্সপ্রেস ওয়ে' নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপের কারণে যানজট নিরসন সম্ভব হয়েছে। বাংলাদেশও এ ধরণের একটি উদ্যোগ নিয়েছে। এখানে থাইল্যান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে। আরিচা-দৌলতদিয়া এলাকায় প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পে থাইল্যান্ড বিনিয়োগ করতে পারে বলে অভিমত দেন মন্ত্রী। এছাড়াও বিদ্যুৎ উৎপাদন তথা জলবিদ্যুৎ প্রকল্প স্থাপন, কয়লা উত্তোলন, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, গভীর সমুদ্র বন্দর স্থাপন, ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়ক নির্মাণ, ঢাকা-যশোর রেলপথ নির্মাণ ও কৃষি উৎপাদনে বাংলাদেশকে সহায়তা দেওয়ার ব্যাপারে থাই পররাষ্ট্র মন্ত্রীর সহায়তা কামনা করা হয়। জবাবে থাই মন্ত্রী কাসিত পিরোমিয়া বলেন, থাইল্যান্ডের শিল্প মন্ত্রণালয় আগে নিজের দেশে বিনিয়োগের জন্য বিদেশিদের আকৃষ্ট করতে কাজ করেছে। বর্তমানে তারা বিদেশে বিনিয়োগের ব্যাপারেও কাজ করছে। ইতোমধ্যে লাওস ও কম্বোডিয়ার মতো দেশে বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পেও সহজ শর্তে ঋণ দেওয়াসহ বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি তার দেশের বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার ব্যাপারে আশ্বাস দেন। কাসিত পিরোমিয়া দ্বিপাক্ষিক আলোচনার জন্য সোমবারই ঢাকা এসেছেন। সিঙ্গাপুর থেকে প্রত্যাবর্তনরত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে থাই এয়ারওয়েজের একই ফ্লাইটে তিনি সোমবার দুপুরের দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সন্ধ্যায় তিনি দীপু মনির সঙ্গেও বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/২০৫৬ঘ.