২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ছয় 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বাগেরহাটে ছয় 'রাজাকারের' নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

বাগেরহাট, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বাগেরহাটে ছয় 'রাজাকারের' নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বিকেলে অতিরিক্ত মুখ্য হাকিম আদালতে মামলাটি করেন মোরেলগঞ্জ উপজেলার কাঁঠালতলা গ্রামের মো. সোহরাব হোসেন। হাকিম আব্দুল সালাম খান মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার কাঁঠালতলা গ্রামের আব্দুস ছালাম শেখ (৫৫), উত্তর সরালিয়া গ্রামের আমির আলী তালুকদার (৫৫), মোরেলগঞ্জ কলেজ রোডের মোহম্মদ আলী (৫৮), চালিতাবুনিয়া গ্রামের মো. আলীম খান (৫৮) এবং খাউলিয়া গ্রামের দুই ভাই ফারুক হোসেন (৬০) ও ফিরোজ হোসেন (৫৮)। সোহরাব হোসেন অভিযোগ করেন, ১৯৭১ সালের ৫ জুলাই আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালায়। তাকে না পেয়ে বাড়িতে থাকা নারীদের মারপিট করে আসামিরা নগদ ২০ হাজার টাকা ও দশ ভরি স্বর্ণালংকার লুট করে। তারা ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে থাকা ২০০ মণ ধান ও একশ মণ চাল পুড়ে যায়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি হাতে পেলে আদালতের নির্দেশনা অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮১৪ ঘ.