২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারী ধরতে সাদা পোশাকে ঘুরছে র‌্যাব সদস্যরা

ছিনতাইকারী ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় সাদা পোশাকে ঘুরছে র‌্যাব সদস্যরা। যে সব এলাকায় ছিনতাই বেশি হয়, সে সব এলাকায় কাজ করছে তারা। এরই মধ্যে বিশেষ এই অভিযানে সাফল্য এসেছে বলে দাবি র‌্যাবের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 06:55 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইকারী ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় সাদা পোশাকে ঘুরছে র‌্যাব সদস্যরা। যে সব এলাকায় ছিনতাই বেশি হয়, সে সব এলাকায় কাজ করছে তারা। এরই মধ্যে বিশেষ এই অভিযানে সাফল্য এসেছে বলে দাবি র‌্যাবের। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রোববার রাতে মহসিন (২০) ও হাফিজ (১৮) নামে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, সাধারণ মানুষ ভেবে ওই দুই ছিনতাইকারী র‌্যাব সদস্যদের গতিরোধ করে। পরে গোলাগুলির এক পর্যায়ে তারা আহত হয়। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপারেশন) হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইকারী ধরতে র‌্যাব সদস্যরা সাদা পোশাকে সাধারণ মানুষের মতো ব্যাগ হাতে রিকশায় বা হেঁটে ঘুরে বেড়ায়। এদের পেছনে থাকে সাদা পোশাকে আরও র‌্যাব সদস্যরা।" তিনি বলেন, "যাত্রাবাড়ী-শনির আখড়া এলাকায় ছিনতাই বেড়ে যাওয়ায় ওই এলাকায় র‌্যাবের বেশ কয়েকটি দল কাজ করছে। এ রকম দু'টি দলের হাতেই রোববার রাতে দু'ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।" হুমায়ুন কবীর জানান, রোববার রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর বৌবাজার এলাকায় সন্দেহভাজন তিন ছিনতাইকারী সাদা পোশাকের র‌্যাব সদস্যদের গতিরোধ করে। ছিনতাইকারীরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে মহসিনের পায়ে গুলি লাগে। তবে তার সঙ্গী অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। একইভাবে হাফিজকে রাত পৌনে ১টার দিকে শনিরআখড়া কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা হুমায়ুন জানান। তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব জানায়, গত এক মাসে রাজধানীতে র‌্যাবের গুলিতে অন্তত ১১ জন সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। নিহত হয়েছে সাতজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমআই/১৩১০ ঘ.