ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন শিল্প বিকাশে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় বরাদ্দ দেওয়া ৮৭ টি প্লটের মধ্যে ৬৫টি প্লটই অব্যবহৃত পড়ে রয়েছে।
দক্ষ ও যোগ্য ব্যবসায়ীদের বরাদ্দ না দেওয়ায় দীর্ঘ সাত বছরেও এগুলো ব্যবহার করা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে।
বরাদ্দ পাওয়া ব্যক্তিরা বর্তমানে প্লটগুলো হস্তান্তরের চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
রোববার ভূমি মন্ত্রণালয়ে কক্সবাজারের হোটেল-মোটেল নির্মাণে বরাদ্দকৃত জমির সর্বশেষ অবস্থা সম্পর্কিত সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শুক্কুর আলী এ তথ্য জানান।
বৈঠক শেষে ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা সাংবাদিকদের বলেন, পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ২০০২ সালে ৮৭ টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এখনো তার ৬৫টি অব্যবহৃত পড়ে রয়েছে।
মন্ত্রী বলেন, এসব প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিরা ব্যবহার না করলেও এখন অনেকে তা ব্যবহার করতে আগ্রহী। দক্ষ ও প্রকৃত ব্যবসায়ীরা বরাদ্দ না পাওয়ায় এতদিন তা ব্যবহার হয়নি। তাই বিষয়টি নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কোন প্রকার অনিয়ম বা অস্বচ্ছতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অব্যবহৃত প্লট উদ্ধার করে নতুন বরাদ্দ দেওয়া হবে কিনা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। কেউ যাতে জমি অন্যভাবে হস্তান্তর করতে না পারে সে জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।"
ভূমিমন্ত্রীর সভাপতিত্বে ভূমি সচিব দেলোয়ার হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান মিজানুর রহমান ও পরিকল্পনা কমিশনের পরিচালক ফসির আহমেদ বৈঠকে অংশ নেন।
এর আগে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় ঢাকা মহানগরীতে আরো ১৫টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য খাস জমি খুঁজে বের করতে ঢাকার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।
ভূমিমন্ত্রী জানান, ঢাকায় বসবাসকারীদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নগরীতে আরো ১৫টি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ছয়টি খাস জমি চিহ্নিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/২৩৫৫ঘ.
bdnews24