২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেশ বাজেট অধিবেশনে

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গঠিত সংসদীয় তদন্ত কমিটি আসন্ন বাজেট অধিবেশনে তাদের প্রতিবেদন পেশ করবে। রোববার কমিটির এক বৈঠকের পর এর চেয়ারম্যান ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 07:18 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গঠিত সংসদীয় তদন্ত কমিটি আসন্ন বাজেট অধিবেশনে তাদের প্রতিবেদন পেশ করবে। রোববার কমিটির এক বৈঠকের পর এর চেয়ারম্যান ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে দুর্নীতির অভিযোগ বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য জমিরউদ্দিন সরকার এবং সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দীকি ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে আহ্বান জানানোর তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ১০ জুন কমিটির বৈঠকে তাদের হাজির থাকতে বলার জন্য সিদ্ধান্ত হয়েছিল। আগামী ৪ জুন থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। ফজলে রাব্বী মিয়া বলেন, "১১ জুন জাতীয় বাজেট পেশ নিয়ে সংসদ সচিবালয়ের প্রচণ্ড ব্যস্ততার কারণে আমরা ১০ জুন জমিরউদ্দিনসহ অন্যদের বক্তব্য শুনতে পারছি না।" "কিন্তু আমরা প্রতিবেদন তৈরী করে তা বাজেট অধিবেশনেই পেশ করবো"। এদিকে সংসদের বিভিন্ন কেনাকাটার ব্যয় খতিয়ে দেখতে স্থায়ী কমিটি গঠিত উপ-কমিটি তাদের প্রতিবেদন মূল কমিটির কাছে জমা দিয়েছে। সাংসদদের জোরালো দাবির মুখে স্পিকার আব্দুল হামিদ গত ১৯ মার্চ বিগত সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার এবং অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ১১ সদস্যের কমিটি গঠন করেন। অভিযোগ তদন্তের সুবিধার্থে স্থায়ী কমিটি তিনটি উপ-কমিটি গঠন করে। এর মধ্যে একটি উপ-কমিটির তদন্তে দেখা গেছে জমিরউদ্দিন তার চিকিৎসার জন্য অবৈধভাবে ২৮ লাখ টাকা উত্তোলন করেছেন। অন্য উপ-কমিটির অনুসন্ধানে দেখা যায়, সাবেক চিফ হুইপ এবং বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিদেশে চিকিৎসার জন্য 'এমপি ক্লাব' এর তহবিল থেকে ১৮ লাখ টাকা নেন। এছাড়া বর্তমান চিফ হুইপ আব্দুস শহীদ এবং সাবেক হুইপ ওয়াহিদুল আলমও একই কারণে ওই তহবিল থেকে যথাক্রমে এক লাখ ও চার লাখ টাকা নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এসকে/২৩৫০ঘ.