ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
ঢাকা মহানগর বিএনপি আয়োজিত তিন দিনব্যাপী এ কর্মসূচি শেষ হচ্ছে সোমবার।
সকাল সাড়ে ১১টায় রামপুরা টিভি ভবনের সামনে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খালেদা জিয়া। এরপর খিলগাঁও, যাত্রাবাড়ী, ডেমরা স্টাফ কোয়ার্টার স্পটেও খাবার বিতরণ করেন খালেদা।
এছাড়া শ্যামপুর, দনিয়া, কদমতলী, গাবতলীর আমিনবাজার ও কেরানীগঞ্জের ২১টি স্পটে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
তার সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সহ-সভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস প্রমুখ।
জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩০ মে তিনদিনব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। খালেদা গত দুদিনে ৮৫টি স্পটে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১২১৪ ঘ.
bdnews24