২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণ শাবক জবাই, বিভাগীয় সভাপতির পদ থেকে শিক্ষককে অব্যাহতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হরিণ শাবক জবাইয়ের অপরাধে অধ্যাপক ড. এ এফ এম আমিনুল হককে ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 07:09 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হরিণ শাবক জবাইয়ের অপরাধে অধ্যাপক ড. এ এফ এম আমিনুল হককে ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক ড. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত প্রতিবেদনে আমিনুল হকের বিরুদ্ধে হরিণ জবাইয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় তাকে বিভাগীয় সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরিণ শাবক জবাইয়ের দায় স্বীকার করে আমিনুল হক উপাচার্যের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু ক্যাম্পাসে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখ্য, গত ২৪ মে ক্যাম্পাসের বন ও পরিবেশবিদ্যা ইন্সটিটিউটের বাগানের গেটের ফাঁকে আটকে যাওয়া একটি হরিণ শাবককে আমিনুল হকের নির্দেশে জবাই করার অভিযোগ আনা হয়। এ ঘটনার পর সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিনকে আহবায়ক করে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে অধ্যাপক আমিনুল হকের বিরুদ্ধে হরিণ জবাই করার অভিযোগ প্রমাণিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/টিআর/০১১০ ঘ.