২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডের রায় শুনে এজলাসেই ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা

রায় শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনেই এক আসামি ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইবুনালে রোববার দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় শুনে আসামি শুক্কুর আলী ব্লেড দিয়ে নিজের গলায় পোঁচ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 06:27 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রায় শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনেই এক আসামি ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইবুনালে রোববার দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় শুনে আসামি শুক্কুর আলী ব্লেড দিয়ে নিজের গলায় পোঁচ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে বেশ কয়েকবার এজলাসে আসামির আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শী সংশ্লিষ্ট আদালতের পেশকার আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালের ১৯ নভেম্বর রাজধানীর ইব্রাহীমপুরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শুক্কুরকে মৃত্যুদণ্ড দেন বিচারক রেজাউল ইসলাম। এছাড়া রায়ে ভোলার শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় শোনার সঙ্গে সঙ্গে শুক্কুর কাঠগড়ায় দাঁড়িয়ে নতুন একটি ব্লেড দিয়ে প্রথমে নিজের গলায় পোঁচ দেন বলে জানিয়ে তিনি বলেন, শুক্কুর মামলার আরেক আসামি একেএম আহসানুল কবীর সজীবের গলায়ও পোঁচ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু খালাস পাওয়া সজীব দ্রুত সরে যাওয়ায় বেঁচে যান। ঘটনার সময় শুক্কুরের শরীর থেকে রক্ত ঝড়ে কাঠগড়া ও এজলাসের মেঝেতে পড়তে থাকে। তার চিৎকারে আশেপাশের আদালতেরও বিচারকাজও কিছু সময়ের জন্য বন্ধ ছিল। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এস এম রফিকুল ইসলাম ঘটনার জন্য দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের দায়ী করে বলেন "এদের অবহেলার কারণেই আসামিরা ব্লেড নিয়ে এজলাসে ঢুকতে পেরেছে।" তবে কোর্ট হাজতের দায়িত্বে নিয়োজিত পুলিশের উপ-পরিদর্শক আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার সময় তিনি তার অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। পরে অন্য পুলিশ সদস্যদের মুখে ঘটনা শুনে আদালতে এসেছেন।" রায়ের বিবরণ অনুযায়ী, রাজধানীর ইব্রাহীমপুর বাড়ির নীচ তলায় একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক জাহাঙ্গীর আলম রিপনকে অভিযুক্তরা ২০০৫ সালের ১৯ নভেম্বর রাতে গুলি করে হত্যা করে। জাহাঙ্গীরের মা আলম আরা বেগম এই ঘটনায় বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। ২০০৭ সালের ২৪ মে মামলায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা আব্দুল হাকিম। দণ্ডিত শুক্কুর এবং শরীফ হত্যাকাণ্ডে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। খালাস পাওয়া আসামিরা হলেন বাপ্পী, এবাদুল্লাহ, জুয়েল, শামসুদ্দিন, একে এম আহসানুল কবীর সজীব, জালালউদ্দিন, মুক্তার, মেহেদী, বাবু ও আব্দুল বাতেন। এর পর চলতি বছর ঢাকার দুটি পৃথক আদালতের এজলাসে দাঁড়িয়ে অস্ত্র ও হত্যা মামলার দুই অভিযুক্ত ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/টিআর/০০১৯ ঘ.