মেহেরপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুর শহরের পুলিশ লাইনের মাঠে শনিবার রাতে মাসুদ খন্দকার (২৮) নামে এক ব্যক্তিকে জবাইকে করে হত্যা করা হয়েছে। রোববার তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাসুদ চুয়াডাঙ্গা সদরের আকুন্দবাড়িয়া গ্রামের বাদল খন্দকারের ছেলে। মাসুদ আলোচিত গাফফার ও রবিউল হত্যা মামলার আসামি।
মেহেরপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, নিহতের পকেট থেকে পাওয়া কয়েকটি মোবাইল ফোন নম্বর থেকে তার নাম পরিচয় পাওয়া যায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নাম ও ক্লু পুলিশ জানতে পারলেও মামলার তদন্তের স্বার্থে তা গোপন রাখা হচ্ছে বলে তিনি জানান।
মাসুদের স্ত্রী খালেদা খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মাসুদ ঢাকা থেকে বাড়ি আসেন। শনিবার রাত ১০টার দিকে কযেকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
তিনি জানান, তাদের ছোট এক ছেলে এক মেয়ে। মাসুদ ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।
আকুন্দবাড়িয়া গ্রামের বাসিন্দা আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রিক্তার আলী জানান, গাফফার হত্যা মামলায় একবছর জেলে থাকার পর ২৭ দিন আগে মাসুদ জামিনে মুক্তি পায়।
মাসুদের বাবা বাদল খন্দকার জানান, জামিনে মুক্তির পর তিনি ছেলেকে ঢাকা পাঠিয়ে দেন। রোববার আদালতে হাজিরা শেষে তার ঢাকা ফিরে যাওয়ার কথা ছিল।
আলোকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন জানান, মাসুদ এলাকার সন্ত্রাসী আরিফ বাহিনীর সদস্য ছিল। নুজু বাহিনীর সঙ্গে এদের বিরোধ চলছিল।
গাফ্ফার মামলায় ১৬৪ ধারার জবানবন্দিতে মাসুদ নুজু বাহিনীর সদস্যদের দায়ী করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24