২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির হল শাখা সভাপতিসহ আরও দুই শিবিরকর্মী গ্রেপ্তার

পুলিশ ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় করা মামলায় রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের ছাত্র শিবিরের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় ৪২ জন শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশ ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় করা মামলায় রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের ছাত্র শিবিরের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় ৪২ জন শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল। ২৩ মে নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় শিবির নেতাকর্মীরা বিপুল সংখ্যক বহিরাগতদের নিয়ে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতেও হামলা চালায়। দুপক্ষের সংঘর্ষে ১০ পুলিশসহ ২০ জন আহত হয়। এ ঘটনায় মতিহার থানার ওসি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদী হয়ে মতিহার থানায় পৃথক দুটি মামলা করেন। রোববার গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা শিবির সভাপতি শাহনেওয়াজ ইফতেখার ও শিবিরকর্মী নাজমুল। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, নগরীর কাটাখালি বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ১৩ মার্চ রাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে শিবির নেতা শরিফুজ্জামান নোমানী নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সোমবার বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। শনিবার খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ১৬টি হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.