ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের ৬৩টি উপজেলায় জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) মাঠ পর্যায়ের কর্মসূচি পরিচালনার জন্য পাঁচটি এনজিওকে ৯৬ কোটি টাকার কাজ দিয়েছে সরকার।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।
৬৩ উপজেলাকে ছয়টি অঞ্চলে (এরিয়া প্যাকেজ) ভাগ করে এ পুষ্টি কার্যক্রম পরিচালনা করা হবে।
বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে যে ১০৯টি উপজেলায় এনএনপি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তা আগামী অক্টোবর মাসে শেষ হবে। এর সঙ্গে নতুন করে যোগ হবে ৬৩ উপজেলার এনএনপি কার্যক্রম। তবে এর আগে যে সব উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে তার মূল্যায়ন করবে সরকার।
আর এজন্য আগামী দুই মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এনএনপি সংক্রান্ত একটি মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এনএনপি-এর মাঠ পর্যায়ের কর্মসূচি 'এলাকাভিত্তিক সামাজিক পুষ্টি কার্যক্রম (এবিসিএন)' বাস্তবায়নের লক্ষ্যে ছয় অঞ্চল অর্থাৎ এরিয়া প্যাকেজ-২৭ ও এরিয়া প্যাকেজ-২৯-এর পুষ্টি কার্যক্রম পরিচালনা করবে বেসরকারি সংস্থা ভালনারেবল অরগানাইজেশন অব সোস্যাল ডেভেলপমেন্ট (ভিওএসডি)। সংস্থাটিকে প্যাকেজ-২৭ বাস্তবায়নের জন্য ১৫ কোটি ১৬ লাখ টাকা এবং প্যাকেজ-২৯ এর জন্য ২৩ কোটি ৮৫ লাখ টাকা দেওয়া হবে। এরিয়া প্যাকেজ-৩০ বাস্তবায়নের জন্য এসকেএফ ফাউন্ডেশনকে দেওয়া হবে ১৫ কোটি ৯৯ লাখ টাকা। প্যাকেজ-৩৩ এর জন্য ইএসডি পাবে ২৩ কোটি ৮৫ লাখ টাকা। প্যাকেজ-৩৪-এর জন্য সৃজন বাংলাদেশকে দেওয়া হবে ১০ কোটি ২৪ লাখ টাকা। আর প্যাকেজ-৩৫ বাস্তবায়নের জন্য ঠ্যাংগামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) পাবে ১৫ কোটি ২৫ লাখ টাকা।
এছাড়া বৈঠকে ৬৫ কোটি টাকার ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানি সংক্রান্ত আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/১৯২৯ ঘ.
bdnews24