২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ বেতার সরঞ্জামসহ সাতক্ষীরায় শিবিরের দুই নেতাকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় অবৈধ বেতার সরঞ্জামসহ রোববার ভোররাতে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে সাতক্ষীরা শহর শাখা শিবিরের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 09:52 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

সাতক্ষীরা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় অবৈধ বেতার সরঞ্জামসহ রোববার ভোররাতে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে সাতক্ষীরা শহর শাখা শিবিরের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবীর জানান, রোববার ভোররাতে সাতক্ষীরা সরকারি কলেজের আলম ছাত্রাবাস থেকে কামরুল ইসলাম সুমন নামের এ শিবিরকর্মীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে আটক করা হয় শহর শাখা শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুর রহমানকে। তিনি জানান, সুমনের কক্ষ থেকে ট্র্যান্সমিশন সরঞ্জাম ছাড়াও দুটি 'জিহাদী' বই, পোস্টার, ২১ টি সিডি, একটি কম্পিউটার, একটি এফ এম রেডিও, একটি শক্তিশালী অ্যান্টেনা, কিছু বিদ্যুতের তার ও বেশ কিছু গরান কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান। পুলিশ সুপারিনটেনডেন্ট মনির-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্র্যান্সমিশন স্টেশনটি এফএম ব্যান্ডের ফ্রিকোয়েন্সি ব্যবহার করত। এর মাধ্যমে মোবাইল ফোনে এফএম রেডিও অপশন ব্যবহার করে একসঙ্গে অনেকের কাছে তথ্য পৌঁছে দেওয়া হতো। মনির-উজ-জামান বলেন, "কলেজ ছাত্রবাসে অভিযানের সময় পুলিশের ওয়্যারলেস কাজ করছিল না। তখনই সন্দেহ হয়- সেখানে কোন ট্র্যান্সমিশন স্টেশন থাকতে পারে।" তিনি বলেন, "বিষয়টি এখনও পরিস্কার নয়। আমরা সুমনকে জিজ্ঞাসাবাদ করছি।" সুমন সাতক্ষীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আব্দুস সবুরের ছেলে। জাহিদ শহরের ইটাগাছা পশ্চিমপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমডি/জিএমএ/এমএসবি/এসকে/২০১০ ঘ.