২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে সাত বছরের শিশু খুন

রাজধানীর পল্লবী থেকে রোববার সকালে সাত বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যাণ্ডে হিউম্যান হলারের চাপায় অপর এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 09:17 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর পল্লবী থেকে রোববার সকালে সাত বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যাণ্ডে হিউম্যান হলারের চাপায় অপর এক শিশুর মৃত্যু হয়েছে। পল্লবী থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, সকাল ৬ টার দিকে পুলিশ বাউনিয়া বাঁধ টিনশেড কলোনির ড্রেনের পাশ থেকে নুসরাত জাহান মিম (৭) এর লাশ উদ্ধার করে। মিম মিরপুর বাংলা স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবা কিউট কোম্পানির গাড়ি চালক মোবারক হোসেন বাবু। নিহতের মুখের ভেতর পলিথিন ঢোকানো ছিল। গলায় ছিল কালো দাগ । মিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বাবা অজ্ঞাত কয়েকজনকে আসামী করে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মিমের পরিবার পল্লবীর ১৩/৪, ব্লক ডি, বাউনিয়া বাঁধ, টিনশেড কলোনির বাসিন্দা। তাদের বাসার পেছনের ড্রেনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিমের চাচা গোলাম নবী জানান, কী কারণে তাকে হত্যা করা হলো সে বিষয়ে তারা কিছুই ধারণা করতে পারছেন না। তবে তার কানে সোনার দুল ছিল। এখন আর সেগুলো পাওয়া যাচ্ছে না। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ফারুক কামাল জানান, সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে হিউম্যান হলারের চাপায় নিহত হয় মাসুমা (৭) নামের এক শিশু। এসময় সে তার মা কল্পনা বেগমের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। তার লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এইচএ/১৫১৫ ঘ.