ফরিদপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদর উপজেলায় রোববার একটি মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।
উপজেলার কেশবনগরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
নিহতরা হলেন- মাইক্রোবাসটির যাত্রী সুমী (২২) ও চালক দবির (২৪)।
দুর্ঘটনায় আহত সাজেদা (৫৫) ও আনোয়ারা (৪৫) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি নূরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাঙ্গা উপজেলা থেকে রোগী নিয়ে একটি মাইক্রোবাস ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসার সময় কেশবনগরে ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি নূরে আলম বলেন, "এতে ঘটনাস্থলে মাইক্রোবাসযাত্রী অন্তঃসত্ত্বা নারী সুমী (২২) ও চালক দবির (২৪) নিহত হন।"
তিনি জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাসটি আটক করেছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এজে/এমআই/১২১৫ ঘ.
bdnews24