ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উন্নয়ন সংস্থা 'প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র'র অপসারিত চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের করা আবেদন নাকচ করেছে আদালত।
প্রশিকার নতুন পরিচালনা পর্ষদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে কাজী ফারুক ওই আবেদন করেছিলেন। রোববার ঢাকার প্রথম সহকারী জজ আদালতের বিচারক শেখ মেরীনা সুলতানা তা নামঞ্জুর করেন।
গত ২৫ মে দায়ের করা মামলায় কাজী ফারুক নতুন পরিচালনা পর্ষদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়ার পাশাপাশি তাকে প্রশিকার চেয়ারম্যান ঘোষণারও আবেদন করেন। নতুন পরিচালনা পর্ষদের সাত সদস্যকে মামলার বিবাদী করেন তিনি।
ওই দিন শুনানির পর বিচারক নতুন পরিচালনা পরিষদের কার্যক্রমের ওপর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না- ২৪ ঘণ্টার মধ্যে তার কারণ দর্শাতে বিবাদীদের নির্দেশ দেন। নতুন পরিচালনা পরিষদের কর্মকর্তারা হলেন, এম এ ওয়াদুদ, মাহবুব-উল করিম, মাসরুরুল ইসলাম, আব্দুল মতিন, রেনুকা বিশ্বাস, গোলাপী বেগম ও শাহজাহান হাওলাদার।
এদের মধ্যে প্রথম চারজন গত বুধবার আদালতে হাজির হয়ে কাজী ফারুকের আবেদনের বিরুদ্ধে আপত্তি আবেদন করেন।
কাজী ফারুকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. সাহাবুদ্দিন এবং বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বারেক চৌধুরী ও গরীব এ নেওয়াজ।
গত রোববার কাজী ফারুককে প্রশিকার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের কর্মীদের অনেকে রাজনৈতিক উচ্চাভিলাষ হাসিলে তাদের ব্যবহারের অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24