চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার বিগত চারদলীয় জোট সরকারের রেখে যাওয়া জঞ্জাল পরিস্কার করতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেন, "মাত্র পৌঁনে পাঁচ মাসে বর্তমান সরকার দেশকে ধ্বংসের প্রান্ত থেকে তুলে আনতে অনেকটা সফলও হয়েছে।"
শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
জননিরাপত্তা নিশ্চিত করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সাহারা দাবি করেন, "সারাদেশে ইতোমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।"
চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোন সময়ের তুলনায় ভাল বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "বিডিআর বিদ্রোহের ঘটনা ছিল ষড়যন্ত্রমূলক। বিদ্রোহী কতিপয় বিডিআর নৃশংসভাবে মেধাবী সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করেছে। শেখ হাসিনা তার বিচক্ষনতা দিয়ে সে ঘটনা মোকাবেলা করেছেন।"
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীরর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- নৌ পরিবহন মন্ত্রী আফসারুল আমীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু, মহানগর সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ, উত্তর জেলার সাধারণ সম্পাদক এমএ সালাম, সিডিএর চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শিল্পপতি এম আবদুচ ছালামসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা।
জনসভার আগে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাইসে জেলার আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণ বৈঠকে যোগ দেন।
বৈঠকে জেলার নির্বাচিত জনপ্রতিনিধি ও উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "দেশ থেকে যে কোন মূল্যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, মলমবাজ দূর করা হবে।"
স্বরাষ্ট্রমন্ত্রী জনগণকে হয়রানি না করে তাদের সেবায় কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে নৌ পরিবহন মন্ত্রী, বিভিন্ন দলের সাংসদ, উপজেলা চেয়ারম্যান, মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/০০২০ ঘ.
bdnews24