২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী

ঘূর্ণিঝড় দুর্গত চার জেলার ১২টি উপজেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী। এ ১২টি উপজেলা হল- সাতক্ষীরার নীলডুমুর, আশাশুনি, শ্যামনগর, পটুয়াখালীর সদর উপজেলা, গলাচিপা, কলাপাড়া, বাউফল, মির্জাগঞ্জ, খুলনার ডুমুরিয়া, পাইকগাছা এবং বাগেরহাটের মোড়লগঞ্জ ও শরণখোলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় দুর্গত চার জেলার ১২টি উপজেলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী। এ ১২টি উপজেলা হল- সাতক্ষীরার নীলডুমুর, আশাশুনি, শ্যামনগর, পটুয়াখালীর সদর উপজেলা, গলাচিপা, কলাপাড়া, বাউফল, মির্জাগঞ্জ, খুলনার ডুমুরিয়া, পাইকগাছা এবং বাগেরহাটের মোড়লগঞ্জ ও শরণখোলা। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার দুপুরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় আয়লা। প্রচণ্ড ঝড়ো বাতাস ও বৃষ্টিপাতের সঙ্গে জলোচ্ছ্বাসে উপকূলের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়। জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে, ঘর ও গাছ চাপা পড়ে নিহত হয়েছেন শতাধিক লোক। বিধ্বস্ত হয়েছে অনেক ঘর-বাড়ি। ভেসে গেছে ফসলের ক্ষেত, পুকুর ও চিংড়ি ঘের। সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশে সেনা সদস্যরা ওই সমস্ত এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। তারা দুর্গত মানুষদের মধ্যে চাল, ডাল, চিড়া, গুড়, বিস্কুট, লবণ, খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, দিয়াশলাই, মোমবাতি ইত্যাদি বিতরণ করছে। এছাড়া দুর্গতদের আশ্রয়ের জন্য পর্যাপ্তসংখ্যক তাঁবুও প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসা সেবা দিচ্ছে চারটি মেডিক্যাল টিম। একইসঙ্গে প্রস্তুত রয়েছে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল। পানীয় জলের সংকট মোকাবেলায় চারটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ২০ টি উদ্ধার নৌযান কাজ করছে বলে বিজ্ঞপ্তি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/২৩৩২ ঘ.