২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ভোলায় ৩ শতাধিক ঘর বিধ্বস্ত

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা, চরখলিফা ও সৈয়দপুর ইউনিয়নে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঘূর্ণিঝড়ে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসক মেজবাহুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ভোলা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার দৌলতখান উপজেলার চরপাতা, চরখলিফা ও সৈয়দপুর ইউনিয়নে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঘূর্ণিঝড়ে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসক মেজবাহুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। এদিকে ঘূর্ণিঝড় আয়ালা আঘাত হানার আগেই জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মাইকিং চলছে। ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে। জোয়ারে প্লাবিত হয়েছে চর এলাকা। সোমবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি খুলনা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোলায় ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটির সাইক্লোন প্রিপেয়ারডনেস প্রোগ্রাম (সিপিপি)'র ভোলা অঞ্চলের উপ পরিচালক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরফ্যাশন উপজেলার ঢালচর, চর কুকড়িমুকড়ি, চরপাতিলা, চরহাসিনা, চরনিজাম ও চরকচ্ছপিয়া এলাকা ৮-১০ ফুট পানির নিচে রয়েছে। এসব চরের বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে।" পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো: ফেরদৌস জানান, জেলার মনপুরা উপজেলার সাকুতিয়া এবং চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজের হামিদপুর এলাকায় পাইবোর বেরিবাধ ভেঙ্গে পড়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে রোববার রাতে ঢালচর থেকে কচ্ছপিয়া যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় সোমবার সকাল সাড়ে ১১টায় নাজিমউদ্দিন (২৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রেডক্রিসেন্টের সোসাইটির সিপিপি'র সহকারী পরিচালক চরফ্যাশনের সরাফত হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৩৯ ঘ.