ঝিনাইদহ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্তে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ'র গুলিতে হারুন অর রশিদ (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
তিনি মহেশপুরের মাটিলা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বাংলাদেশ রাইফেলস- বিডিআর'র যাদবপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মতিন জানান, হারুন ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। সীমান্তের ৫২ নং মেইন পিলারের ১৬/৮ রেফারেন্স পিলারের কাছে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রনঘাট ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলে হারুনের মৃত্যু হয়।
বিডিআর কর্মকর্তা জানান, হারুনের লাশ সীমান্তের নিরপেক্ষ রেখা থেকে এক কিলোমিটার দূরে ভারতের অভ্যন্তরে পড়েছিল। পরে বিএসএফ ভারতীয় পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।
সুবেদার মতিন জানান, হারুনের লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিডিআর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.
bdnews24