২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কারো ক্ষতি না করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করুন'

উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্টদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, জাতীয় উন্নয়ন গুরুত্বপূর্ণ। তারপরও উন্নয়ন কর্মককাণ্ড বাস্তবায়ন করতে গিয়ে কেউ যেন ক্ষতির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 06:47 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্টদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, জাতীয় উন্নয়ন গুরুত্বপূর্ণ। তারপরও উন্নয়ন কর্মককাণ্ড বাস্তবায়ন করতে গিয়ে কেউ যেন ক্ষতির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত 'আউটার রিং রোড প্রকল্প' বাস্তবায়ন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ভূমি অধিগ্রহণ' সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নের স্বার্থে আউটার রিং রোডের কাজ দ্রুত বাস্তবায়ন করা জরুরি বলেও প্রতিমন্ত্রী মন্তব্য করেন। আবদুল মান্নান বলেন, "এ প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্তরা যাতে তাদের বর্তমান অবস্থা থেকে আরও ভাল অবস্থায় যেতে পাওে সে বিষয়টির দিকে নজর রাখতে হবে।" সিডিএ চেয়ারম্যান আবদুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) পক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন প্রতিষ্ঠানের কনসালট্যান্ট ও সমাজবিজ্ঞানী ড. হাফিজা খাতুন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীও বক্তব্য রাখেন। হাছান মাহমুদ বলেন, "চট্টগ্রামের উন্নয়নের স্বার্থেই আউটার রিং রোড বাস্তবায়ন করতে হবে। এ প্রকল্পে রেল লাইন যুক্ত করা প্রয়োজন।" সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, "চট্টগ্রাম বন্দর ব্যবহার করেই দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে হবে। সম্ভাব্যতা যাচাইয়ের নামে গভীর সমুদ্র বন্দর নির্মাণ নিয়ে টালবাহানা করা হচ্ছে। ফলে মূল কর্মকাণ্ড থেকে পিছিয়ে যাচ্ছে। এজন্য দ্রুততার সঙ্গে আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়ন করতে হবে।" মূল প্রবন্ধে ড. হাফিজা খাতুন বলেন, "পতেঙ্গা নেভাল পয়েন্ট থেকে সাগরিকা বিভাগীয় স্টেডিয়াম পর্যন্ত ১৪ দশমিক ৭০ কিলোমিটার দীর্ঘ প্রকল্প বাস্তবায়নে ২ হাজার ২৩৯ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। প্রকল্পের মধ্যে ৭০ শতাংশ জায়গা সরকারের বিভিন্ন সংস্থার হলেও ৩০ শতাংশ জায়গার মালিক জনগণ।" তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সরকারি মূল্য হিসেবে নয়, বর্তমান বাজার মূল্যে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে তাদের আবাসন ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন করা হবে। স্বাগত বক্তব্যে সিডিএ সচিব আবদুল বারী চৌধুরী বলেন, "প্রায় দুই হাজার কোটি টাকার প্রকল্পের মধ্যে জাইকা এক হাজার তিন শ' কোটি টাকা ও বাংলাদেশ সরকার ছয় শ' কোটি টাকা দেবে।" আগামী সেপ্টেম্বরে জাইকা ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, রেলওয়ে, বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স, বিজিএমইএসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/টিআর/০০০৫ ঘ.