সাতক্ষীরা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের অগ্নিদগ্ধ গৃহবধু পারভিন (২২) শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পারভীনকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন তার বাবা উপজেলার সদরের আরশাদ আলী।
আসামিরা হলেন- স্বামী মিয়ারাজ আলী, শ্বশুর আব্দুর রাজ্জাক, দেবর শামীম মোড়ল এবং একই এলাকার বাঙ্গাল।
ওসি জানান, ঘটনার পরপরই আটক আব্দুর রাজ্জাককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিরা পালিয়ে গেছেন।
এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জয়নগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিয়ারাজসহ অপর আসামিরা বৃহস্পতিবার সকালে পারভীনকে মারধর করে এবং গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পারভিনকে সাতক্ষীরা সদর হাসপতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি জানান, আরশাদ আলী অভিযোগ করেছেন বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুর বাড়ি লোকজন তার মেয়েকে নির্যাতন করতো। বিয়ের আট মাসের মধ্যে তিনি তার মেয়ে জামাইকে ১০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র দেন। আরও যৌতুকের জন্য তারা পারভীনের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24