২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে যমুনার ট্যাঙ্কার ছিদ্র হয়ে বিপুল পরিমাণ ডিজেল নষ্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যমুনা পেট্রোলিয়াম কোম্পানির ডিপোর একটি ট্যাঙ্কার ছিদ্র হয়ে শুক্রবার দুপুরে বিপুল পরিমাণ ডিজেল নষ্ট হয়েছে। ট্যাঙ্কারের ছিদ্র দিয়ে ডিজেল বের হয়ে নালায় গিয়ে পড়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন পাত্র নিয়ে নালায় ডিজেল সংগ্রহে নেমে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

মৌলভীবাজার, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যমুনা পেট্রোলিয়াম কোম্পানির ডিপোর একটি ট্যাঙ্কার ছিদ্র হয়ে শুক্রবার দুপুরে বিপুল পরিমাণ ডিজেল নষ্ট হয়েছে। ট্যাঙ্কারের ছিদ্র দিয়ে ডিজেল বের হয়ে নালায় গিয়ে পড়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন পাত্র নিয়ে নালায় ডিজেল সংগ্রহে নেমে পড়ে। অবশ্য ডিপোর তত্ত্বাবধায়ক আনোয়ার মিয়া ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, "তেলের অত্যাধিক চাপে 'গেইটভাল্ভ' ফেটে গিয়ে দেড়শ' লিটারের মত ডিজেল ট্যাঙ্কার থেকে পড়ে গেছে।" ট্যাঙ্কারটিতে প্রায় আট লাখ লিটার ডিজেল মজুদ ছিল। তিনি জরুরি কাজে চট্টগ্রাম রয়েছেন বলেও জানান। গেইটভাল্ভ মেরামত করে তেল পড়া বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডিপোর নিরাপত্তা কর্মীরা। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসী প্রথমে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবরটি জানায়। বেলা সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। দমকল কর্মীরা পানি দিয়ে নর্দমা থেকে ডিজেল অপসারণ করেন। তিনি বলেন, "এতবড় ঘটনার পরও ওই প্রতিষ্ঠান থেকে থানায় কোনও খবর দেওয়া হয়নি।" তেল নালা দিয়ে বাইরে চলে যাওয়ায় আগুনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে তিনি মনে করেন। ওসি জানান, একটি সাধারণ ডায়েরি করে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন, "ঘটনাস্থলে গিয়ে দেখি বিপজ্জনকভাবে নালা দিয়ে ডিজেল বেরুচ্ছে। এ থেকে যে কোন সময় আগুন লাগার আশঙ্কা ছিল।" শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দমকল কর্মী অমরেন্দ্র কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন ডিপোর পাশের নালা দিয়ে বিপজ্জনকভাবে তেল বেরিয়ে যাচ্ছে। শুক্রবার দুপুর আড়াইটায় সরেজমিন ডিপো এলাকার পেছনের দিকে গিয়ে দেখা গেছে, সীমানা প্রাচীর ঘেষা নর্দমা থেকে কয়েকটি শিশু বিভিন্ন ধরনের পাত্রে ডিজেল সংগ্রহ করছে। সীমানা প্রাচীরের দুই দেয়ালের ফাঁক দিয়ে দেখা গেছে- ভেতরে বড় ও গভীর একটি নালা থেকে দুই যুবক কয়েকটি ড্রামে তেল সংগ্রহ করতে ব্যস্ত। ডিপোর প্রধান ফটক ভেতর থেকে তালাবদ্ধ। প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তকর্মীরা সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেননি। প্রধান ফটকে কর্তব্যরত এলিট সিকিউরিটি সার্ভিসের নিরাপত্তাকর্মী মো. খালেক মিয়া ও ধনঞ্জয় দেববর্মা বলেন, ডিপোর একটি ট্র্যাঙ্কের গেইটভাল্ভ ফেটে তেল পেছনের নালা দিয়ে বাইরে বেরুচ্ছিল। 'লিক'টা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাটি ডিপো তত্ত্বাবধায়ক (ডিএস) ও সহকারী তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে। ঘটনার পর নিরাপত্তাকর্মী ছাড়া ওই প্রতিষ্ঠানের আর কাউকে সেখানে পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্মকর্তাদের কেউ ঘটনাস্থলে এসেছেন কিনা জানতে চাইলে নিরাপত্তাকর্মীরা কোন উত্তর দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক যমুনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের (ওই ডিপো থেকে বদলি হওয়া) এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ডিপো থেকে প্রতি রাতেই তেল পাচারের ঘটনা ঘটছে। তেল পাচার করে তাতে পানি মেশানোর অভিযোগও রয়েছে। পাচার কাজের সঙ্গে ডিপোর কর্মকর্তারা জড়িত রয়েছেন বলেও তিনি জানান। ডিপোর আশপাশের এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দাও অভিযোগ করেন, ডিপো থেকে তেল চুরির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তেল পাচারের সঙ্গে ডিপোর কর্মকর্তারা জড়িত রয়েছেন বলেও তারা অভিযোগ করেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ডিপো তত্ত্বাবধায়ক আনোয়ার মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "আমি ডাক্তার দেখাতে চট্রগ্রামে এসেছি। শ্রীমঙ্গলে ফিরে এসে আমি আপনার সঙ্গে দেখা করে কথা বলবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.