২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে পুলিশের গুলিতে ৪ ছিনতাইকারী আহত

রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে চার ছিনতাইকারী আহত হয়েছে। তারা হচ্ছে- মাসুম (২৫), সোহেল (২৬), জজ মিয়া (৩০) এবং লিটন (৩১)। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 07:09 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে চার ছিনতাইকারী আহত হয়েছে। তারা হচ্ছে- মাসুম (২৫), সোহেল (২৬), জজ মিয়া (৩০) এবং লিটন (৩১)। এ নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গত ১০ দিনে পুলিশের গুলিতে অন্তত ১৩ জন সন্দেহভাজন অপরাধী আহত হল। এ সময়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে একজন সন্দেহভাজন ছিনতাইকারী। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ ছিনাতাইকারীদের গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীতে একটি কালো রংয়ের ট্যাক্সিক্যাব নিয়ে সন্ত্রাসীরা ছিনতাই করছে- পুলিশ কন্ট্রোলরুম থেকে পাওয়া এ খবরের ভিত্তিতে মোহাম্মদপুর থানার পুলিশ সদস্যরা রাস্তায় চলাচলরত সন্দেহজনক গাড়িগুলো তল্লাশি চালায়। তিনি জানান, রাত সোয়া ২টার দিকে বেড়িবাঁধ সড়কে একটি কালো রংয়ের ট্যাক্সিক্যাব দেখে সন্দেহ হয়। ক্যাবটির সন্ত্রাসীরা একটি সিএনজি অটোরিক্সা থামিয়ে যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা করছিল। ওসি শাহজাহান বলেন, "ঘটনাস্থলে যাওয়া সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে চার ছিনতাইকারী আহত হয়। গোলাগুলির ফাঁকে সিএনজি অটোরিক্সাটি চলে যায়।" পুলিশ তাদের কাছ থেকে চাপাতি, ছোরা এবং ট্যাক্সিক্যাবটি আটক করেছে। তবে সন্ত্রাসীরা যে অস্ত্র দিয়ে গুলি করেছে তা উদ্ধার করতে পারেনি পুলিশ। ওসি শাহজাহান জানান, সন্ত্রাসীরা ঘটনার পরপর অস্ত্রটি ছুড়ে ফেলে দেয়। অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে গত ১৪ মে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় দুই সন্ত্রাসী পুলিশের গুলিতে আহত হয়। পুলিশ 'অপরাধীদের সঙ্গে বন্দুকযুদ্ধে'র কথা বললেও ঘটনার শিকারদের অনেকের অভিযোগ, তাদের ধরে কাছ থেকে পায়ে গুলি করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/জিএমএ/এজে/১৩১৭ ঘ.