কক্সবাজার, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার শহরতলীর নাজিরারটেক এলাকার মোস্তাইক্যা পাড়ায় বৃহস্পতিবার দুপুরে আগুন লেগে দোকানসহ অন্তত ৩০টি বসতঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে এক শিশু।
এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহত শিশুটির নাম- মরিয়ম (১০)। তার বাবা-মা নেই। সে দাদী জুনু বেগমের কাছে থাকত। দুর্ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না বলে স্থানীয়রা জানান।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া জানান, নাজিরারটেকের মোস্তাইক্যা পাড়ার একটি কলোনির এক বাসার রান্না ঘর থেকে বেলা আড়াইটার দিকে আগুনের সূত্রপাত।
তিনি জানান, ঘটনা জানার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ওই এলাকায় রাস্তা সরু হওয়ায় দু'টি গাড়ির একটিও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে দমকল কর্মীরা উদ্ধার কাজ চালান।
দুপুর সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মরিয়মকে ঘরের ভেতর রেখে বাইরে তালা লাগিয়ে দাদী জুনু বেগম সমুদ্র সৈকতে শামুক কুড়াতে যান। ঘর থেকে বের হতে না পারায় মরিয়ম আগুনে পুড়ে মারা যায়।
তিনি জানান, আগুনে অন্তত ৩০টি ঘর ও দোকান পুড়ে গেছে। শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রহিম বলেন, আগুন নেভাতে গিয়েও অনেক লোক আহত হয়েছেন। এ সংখ্যা ১০ জনের বেশি হতে পারে।
আরেক প্রত্যক্ষদর্শী আকতার কামাল জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অধিকাংশই শ্রমজীবী। দুপুরে বাড়িতেই লোকজন ছিল না বলেই আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24